তুচ্ছ ঘটনায় হয় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট। হতে হয় আসামি। আসামি হয়ে পুরুষদের থাকতে হয় বাড়িছাড়া। বাড়িতে আতঙ্কে থাকে নারী ও শিশুরা। এ কারণে বন্ধ থাকে চাষাবাদ ও ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের পড়াশোনা। এতে নিঃস্ব হয় মানুষ।
দুই বংশের আধিপত্য ধরে রাখার লড়াইয়ে এই দ্বন্দ্ব-সংঘাত দীর্ঘদিন ধরে চলে আসছিল নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব-চালিঘাট গ্রামে। আশার কথা, দাঙ্গাপ্রবণ এই গ্রামে গতকাল বুধবার বিকেলে হলো শান্তি সমাবেশ। ‘সম্প্রীতির বন্ধন’ নামের এই সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। সমাবেশে শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিল বিবদমান দুই পক্ষ। সমাবেশ শেষে উভয় পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হয়। উভয় পক্ষের মাতবরেরা কুলাকুলিও করেন।






