রোগীর চাপে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকট দেখা দিয়েছে। দ্রুত কমে যাচ্ছে সাধারণ শয্যাও। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চসংখ্যক ৫১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এই অবস্থায় ভবিষ্যৎ চিকিৎসাব্যবস্থা নিয়ে ভাবিয়ে তুলছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।
চট্টগ্রামের বিশেষায়িত প্রথম কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্র জেনারেল হাসপাতালে আজ শুক্রবার একটি আইসিইউ শয্যাও খালি ছিল না। এখানে মোট ১০টি আইসিইউ শয্যা রয়েছে। এ ছাড়া সাধারণ শয্যা ১৪০টি। তার মধ্যে ৮০টিতে রোগী ছিল।
হাসপাতালের কোভিড ব্যবস্থাপনার প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক মো. আবদুর রব বলেন, গতকাল থেকে আইসিইউ শয্যার জন্য ফোন আসছে। কিন্তু আমরা দিতে পারছি না। কোনো আইসিইউ শয্যা খালি নেই। সাধারণ শয্যাও ভর্তি হয়ে যাচ্ছে। যে হারে রোগী বাড়ছে, তা উদ্বেগজনক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০০ রোগীকে সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আইসিইউ শয্যা রয়েছে ১০টি। আজ শুক্রবার দুপুর পর্যন্ত এখানে রোগী ছিলেন ১৫০ জনের বেশি। আইসিইউতে ৮ জন রোগী ছিলেন। দুটি জরুরি প্রয়োজনের জন্য রাখা হয়েছে।
একইভাবে বিআইটিআইডি হাসপাতালের ৩২টি শয্যার একটিও খালি নেই বলে জানা গেছে।






