দেশের বড় একটা জনগোষ্ঠী হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল

নিরাপত্তা বিবেচনায় ও বিনা খরচে যোগাযোগের জন্য এখন দেশের বড় একটা জনগোষ্ঠী হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে মোবাইলের মতো কথা বলা যাচ্ছে, একইভাবে খুদে বার্তাও পাঠানো যাচ্ছে অনায়াসে। এতে কোনো বাড়তি খরচও নেই, যোগাযোগও থাকছে অনেকটা গোপন।

একইভাবে ব্যাংকের গ্রাহকের তথ্য নিরাপদে পৌঁছে দিতে ও ছোট লেনদেনে বিশ্বের অনেক দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহার শুরু হয়েছে। বিশ্বের যেকোনো স্থান থেকে এই সেবা মিলছে। বাংলাদেশেরও চারটি ব্যাংক এই সেবা দেওয়া শুরু করেছে। ব্যাংক চারটি হলো ঢাকা, দ্য সিটি, ইসলামী এবং সরকারি খাতের বেসিক ব্যাংক।
ব্যাংকের এই সেবায় গ্রাহকদের অতিরিক্ত কোনো মাশুল গুনতে হচ্ছে না। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো ব্যাংকিং সেবা সম্পন্ন হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবার প্রথম পর্যায়ে ব্যাংকের গ্রাহকেরা শুধু নিজের হিসাবের বিভিন্ন তথ্য জানতে পারছেন। এই সেবা নিতে গ্রাহকদের নতুন করে নিবন্ধন করতে হচ্ছে। তবে এ জন্য শাখায় যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। গ্রাহক নিজেই নিজের নিবন্ধন সম্পন্ন করতে পারছেন। দ্বিতীয় পর্যায়ে ব্যাংকগুলো ছোট ছোট লেনদেন, বিশেষ করে পরিষেবা বিল, মোবাইল রিচার্জ, পাসপোর্ট ফি করতে পারছেন।

এ ছাড়া নিজ ব্যাংকের অন্য হিসাবে টাকা পাঠানো, ডিপিএসের টাকা জমা করা যাচ্ছে। তৃতীয় পর্যায়ে ব্যাংকগুলো অন্য ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা দিচ্ছে। মূলত হিসাব ও লেনদেনের নিরাপত্তা বিবেচনায় ব্যাংকগুলো ধাপে ধাপে এই সেবা চালু করছে।