দেশেই মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল প্রায় সময় একটি মৌলিক বিষয় মনে করিয়ে দেন। সেটা হলো, বাজারে পণ্যের দাম স্থিতিশীল না থাকলে অর্থনীতি কারও জন্য ঠিকঠাক কাজ করে না। টাকার মূল্যমান হারানোর ভীতি না থাকলে উদ্যোক্তারা নির্ভারচিত্তে বিনিয়োগ করতে পারেন, তখন কর্মসংস্থানেও গতি আসে।

গত চার বছরে পণ্যমূল্যের স্থিতিশীলতার বিষয়টি একাধিকবার পরীক্ষার মুখে পড়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক ব্লগপোস্টে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ববাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এর জেরে পণ্যমূল্য বাড়ে। তাই বিশ্বের বিভিন্ন দেশের সরকার সংকট মোকাবিলায় জনগণ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণে প্রণোদনা দিয়েছে। মানুষের হাতে অর্থ আসায় পণ্যের চাহিদা বেড়ে যায়; এর জেরে আরেক দফা মূল্যবৃদ্ধি হয়।

এরপর ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় ভাঙন ধরে এবং পণ্য ও সেবার প্রবাহ বাধাগ্রস্ত হয়। বিশ্বের সব দেশেই মূল্যস্ফীতির সূচক ঊর্ধ্বমুখী হয়। এটি যে খুব দ্রুত নিম্নমুখী হবে, আপাতত তার লক্ষণ দেখা যাচ্ছে না।

স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়—এমন নজির ঐতিহাসিকভাবে দেখা যায়। তর্কযোগ্যভাবে একটি কার্যকর মুদ্রানীতি নিশ্চিতে সবচেয়ে বেশি প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা; উদীয়মান দেশগুলোর সাম্প্রতিক ইতিহাস থেকে বিষয়টি পরিষ্কার হয়।

উদীয়মান দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আসে ১৯৭০-এর দশকে। সে সময় সৌদি আরব ও কুয়েতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল বিক্রির অর্থে ফুলেফেঁপে ওঠে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তাদের বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়। সেই অর্থ তারা পশ্চিমা ব্যাংকগুলোতে জমা রাখে। ব্যাংকগুলো তখন উদীয়মান দেশগুলোকে বিপুল পরিমাণে ঋণ দেয়। তবে ১৯৭০-এর দশকের শেষ ভাগে মুদ্রানীতির রাশ টেনে ধরা হলে বৈশ্বিক অর্থনীতির গতি কমে যায়।