নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। ২৪ সদস্যের দলে নতুন মুখ আছেন পাঁচজন। এদের মধ্যে একজন ডিফেন্ডার হাবিবুর রহমান। কয়েক বছর বাদে অবশেষে জাতীয় খেলোয়াড় তালিকায় উঠল মোহামেডানের নাম। অন্য চারজনের মধ্যে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন ছাড়া বাকি তিনজনই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। তাঁরা হলেন ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল। চোট কাটিয়ে দলে ফিরেছেন মতিন মিয়া।
উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ। এ ছাড়া দলে ডাক পাননি অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান; মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রবিউল ইসলাম; ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও তৌহিদুল আলম।
২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর। উত্তর বারিধারার সঙ্গে ঢাকা মোহামেডান ও সাইফ স্পোটিং থেকে ধারে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়া জামাল ভূঁইয়া । ২৪ জনের সঙ্গে অনূর্ধ্ব- ২৩ দলের খেলোয়াড় হিসেবে ভবিষ্যতের জন্য আরও সাত খেলোয়াড় রাখা হয়েছে। যারা মূল দলের সঙ্গে অনুশীলনে করবেন।
২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। কাঠমান্ডুর টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ। দল নেপাল যাওয়ার কথা ১৮ অথবা ২০ মার্চ। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল।






