১৫ বছর ধরে ফেসবুক ব্যবহার করছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। এ সময়ে একবার তাঁর ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। দ্রুততম সময়ে তা উদ্ধার করা হয়। কিন্তু এবার একসঙ্গে দুটি পেজ হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। দুই দিন ধরে ‘ফাহমিদা নবী’ ও ‘ফাহমিদা নবীস ডায়েরী’ নামের দুটি পেজ শিল্পীর নিয়ন্ত্রণে নেই। এ নিয়ে ভীষণ মন খারাপ এই সংগীতশিল্পীর।ফাহমিদা নবী বলেন, ‘কিছুদিন ধরে অন্য একটি মেইল আইডি থেকে নানাভাবে আমাকে ডিস্টার্ব করছিল, বিষয়টা আমি ওভাবে বুঝতে পারিনি। এরপর দেখলাম, রোববার আমার পেজ আমার নিয়ন্ত্রণে নেই। শুরুতে তো আমি বুঝতেও পারছিলাম না, আসলে কী হচ্ছে। আমি কিছুদিন ধরে দেখছিলাম, প্রতিদিন আমার লেখা চুরি হচ্ছে। আমার পেজে আপলোড করা লেখা অন্যরা নিজের নামে চালিয়ে দিচ্ছে। অন্যসব জায়গায় আমার লেখা থাকলেও পোস্ট করা লেখা আমার পেজে নাই! এসব দেখে সন্দেহ বাড়তে থাকে। পরে গত রোববার থেকে পেজে ঢুকতে পারছিলাম না।’






