আমাদের শরীরের হাড়, মাংস, অস্থিসন্ধিতে দীর্ঘমেয়াদি যে ব্যথা হয়ে থাকে সেটাকে বাতব্যথা বলে থাকে। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে যখন কোনো ব্যথা ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাসের বেশি সময় ধরে স্থায়ী থাকে, তখন সেই ব্যথাকে দীর্ঘমেয়াদি বাতব্যথা বলা হয়।
এই বাতের ব্যথাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন যখন হাত–পা–হাঁটুর গিরায় ব্যথা হয়, তখন তাকে ইনফ্ল্যামেটরি জয়েন্ট ডিজিজ বলা হয়। এ সময় ব্যথার পাশাপাশি হাত–পায়ের গিরা ফুলে যায়। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর ব্যথার মাত্রা বেড়ে যায়। অর্থাৎ বিশ্রামের পর ব্যথা বেড়ে যায়। এ ধরনের লক্ষণ কারও দেখা দিলে ধরে নিতে হবে যে তিনি বাতের সমস্যায় আক্রান্ত এবং তখনই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।






