তুরস্কের খাদ্য

আরবিতে বলা হয় মুহালেবি; হিবরুতে মালাবি। এটি আসলে এক ধরনের পুডিং। ২২৪ থেকে ৬৫১ খ্রিষ্টাব্দের মধ্যে পারস্যের সাসানিয়া সাম্রাজ্যে মুহালেবির উৎপত্তি বলে ধারণা করা হয়। চাল, চালের গুঁড়া, চিনি এবং দুধ হলো এর মূল উপকরণ। মিষ্টির এই পদ তুরস্ক, ইসরায়েল এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে সমধিক জনপ্রিয়। মধ্যযুগে মুহালেবি এবং এরই মতো ইউরোপের একটি পদ ব্লঁমাঞ্জ তৈরি হতো চিকন চিকন করে কাটা মুরগির মাংস দিয়ে। তবে চির চারিত রেসিপি এখনো অনুসৃত হয় তুরস্কে। মুহালেবিকে মুহালাবিয়াও বলা হয়ে থাকে।কিংবদন্তি রয়েছে, জনৈক পারসিক রন্ধনশিল্পী সপ্তদশ শতকের শেষদিকে এই পদটি আরবদের মধ্যে পরিচয় ঘটান। আল-মুহালেব ইবন আবি সুফরা নামের একজন আরব সেনাপতিকে তিনি এই মিষ্টি পরিবেশন করেন। এটা খেয়ে পরম তৃপ্ত সেনাপতি এর নামই রেখে দেন নিজের নামে। দশম শতকেই মুহালেবির ছিল তিনটি ধরন। ঘন দুধ আর চালের গুঁড়া দিয়ে যেমন তৈরি করা হতো তেমনি দুধ, চাল আর মুরগির মাংস দিয়েও রান্না করা হতো। এ ছাড়া তৃতীয় ধরনটি তৈরি হতো ডিমের কাস্টারড দিয়ে। তবে চাল বা চালের গুঁড়া থাকত না।

মুহালাবিয়ার সবচেয়ে পুরোনো রেসিপি মেলে বাগদাদে বসবাসকারী আরব লেখক ইবন সাইয়ার আল ওয়ারাখের কিতাব আল-তাবিখ গ্রন্থে। অবশ্য ত্রয়োদশ শতকে কিতাব আল-তাবিখ নামে মুহাম্মদ বিন হাসান আল-বাগদাদির বই এবং আন্দালুসিয়ার একটি বইতে মুহালাবিয়ার রেসিপি গ্রন্থিত হওয়ার কথা জানা যায়। পরের বইতে মুরগির মাংসের বদলে ছাগলের মাংস ব্যবহারের উল্লেখ মেলে। অটোমান সম্রাট মেহমেদের সময় দুই ধরনের রেসিপি ছিল। একটি মাংসসহ অন্যটি মাংস ছাড়া। পরেরটিতে গোলাপজলের ব্যবহার ছিল। উনিশ শতকের ইংরেজি রান্নার বইতে মুহালাবিয়াকে রমজানের কেক বলে বর্ণনা করা হয়।