তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক বছরের বেশি সময় ধরে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। খবর এএফপির।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, তাইওয়ানের স্থল ও নৌসেনাদের কমপক্ষে এক বছর ধরে গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনারা। প্রশিক্ষণের এই কাজে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ও মেরিন সেনারা জড়িত।
তাইওয়ানের মিত্র যুক্তরাষ্ট্র। চীনের বারবার হুমকি-ধমকি ও সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার মিত্র তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিয়ে এসেছে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন। তাই জোরপূর্বক তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায় তারা।