ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে তৈরি হওয়া আন্দোলন থেকে পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মিছিল শেষে জানানো হয়, একই দাবিতে আজ বুধবার সন্ধ্যা ছয়টায় সব ছাত্রসংগঠনের উদ্যোগে টিএসসি থেকে মশাল মিছিল বের করা হবে।
লেখক মুশতাক আহমেদ গত বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগারে মারা যান। তাঁর মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গত শুক্রবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় সেই রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে করা ওই মামলায় গ্রেপ্তার সাতজন কারাগারে আছেন। আজ বিকেলে ঢাকার সিএমএম আদালতে হওয়া ওই মামলার শুনানিতে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।






