গরম সেঁক
দীর্ঘদিনের ব্যথা, বাতের ব্যথা, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, অস্টিওআর্থ্রাইটিস, জয়েন্ট বা লিগামেন্ট শক্ত হয়ে যাওয়া, কোমর ও ঘাড়ের দীর্ঘমেয়াদি কোনো ব্যথা বা আঘাত, টেন্ডনে আঘাতজনিত ব্যথায় গরম সেঁক খুবই কার্যকরী। যখন মাংসপেশি বা অস্থিসন্ধিতে গরম সেঁক দেওয়া হয়, তখন রক্তনালি প্রসারিত হয় ও রক্ত চলাচল বৃদ্ধি পায়। এর ফলে আক্রান্ত স্থানে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ বেড়ে যায়। সুষ্ঠুভাবে রক্ত চলাচল হয় বলে সংশ্লিষ্ট জায়গায় ব্যথা কমে এবং আরাম বোধ হয়।
গরম সেঁক যেভাবে দিতে হয়
- হট ওয়াটার ব্যাগে গরম পানি ভরে সেঁক দিতে পারেন। তবে এ বিষয়ে সতর্কতা প্রয়োজন। কারণ, অনেক সময় ব্যাগ ফেটে বা অসাবধানতায় কর্ক খুলে দুর্ঘটনা হতে পারে। ডায়াবেটিস ও স্নায়ুর রোগীদের অনুভূতি কম থাকে বলে অতিরিক্ত গরমে ত্বক পুড়ে যেতে পারে। গরম পানির ব্যাগ দিয়ে দিনে তিনবেলা ১৫-২০ মিনিট করে সেঁক দিতে পারেন।
- কুসুম গরম পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে নিন। এরপর এটি নিংড়িয়ে যে গরম ভাপটি থাকবে, তা ব্যথার স্থানে ১৫-২০ মিনিট করে দিনে ৩-৪ বেলা দিতে পারেন।
- দিনের শুরুতে গরম পানিতে দীর্ঘ সময় ধরে গোসল করলেও উপকার পাবেন। এতে বাত রোগীদের সকালবেলায় স্টিফনেস বা জড়তা অনেকটাই দূর হয়। গোসলের পানির তাপমাত্রা ৯২-১০০ ফারেনহাইট হওয়া উচিত। যাঁরা নিয়মিত ব্যায়াম করেন বা হাঁটতে বের হন, তাঁরা ব্যায়ামের আগে গরম পানিতে গোসল করতে পারেন। এতে সন্ধি ও মাংসপেশি রিলাক্স হবে এবং আঘাতের ঝুঁকি কমবে।
- যেসব রোগী বাত বা আর্থ্রাইটিসে ভুগছেন, তাঁরা সুইমিংপুলে হালকা গরম পানিতে সাঁতার কাটতে পারেন ৩০ মিনিট করে সপ্তাহে ৩-৪ দিন। একই সঙ্গে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী কিছু থেরাপোটিক ব্যায়াম করতে পারেন।






