শীত এলেই যেমন আবহাওয়ার ধরন পাল্টায়, তেমনি রোগবালাইও নতুনভাবে আবির্ভূত হয়। শুষ্ক–শীতল বাতাসের সঙ্গে হাজির হয় সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্টের মতো অসুবিধা। সারা বছর আরামসে চলেফিরে বেড়ানো লোকজন আচমকা শ্বাসের কষ্ট নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। ঠান্ডায় শ্বাসকষ্ট মানেই বেশির ভাগ মানুষই ধরে নেন যে অ্যাজমার কারণেই এই সমস্যা। অ্যাজমাজনিত শ্বাসকষ্ট শীতের শুষ্ক আবহাওয়ায় বেড়ে যায়, এটা সত্যি; তবে শ্বাসকষ্টের আসলে শতেক কারণ রয়েছে, যা আমরা বেশির ভাগ সময়ই ধর্তব্যের মধ্যে আনি না।
আমাদের শরীরে বুকের দুই পাশে এক জোড়া ফুসফুস রয়েছে, যাদের কাজ হচ্ছে বাতাসের অক্সিজেন নিয়ে রক্তকে পরিশুদ্ধ করা। তাই ফুসফুসের যেকোনো সমস্যায় মৃদু থেকে তীব্র শ্বাসকষ্ট হতে পারে। অ্যালার্জিজনিত রোগ অ্যাজমা বা হাঁপানি শীতের শ্বাসকষ্টের একটা অন্যতম প্রধান কারণ হলেও ফুসফুসের আরও অনেক রোগ আছে, যা থেকে রোগী শ্বাসকষ্ট নিয়ে উপস্থিত হয়। হাঁপানির মতোই ব্রঙ্কাইটিস বা এমফাইসেমা রয়েছে (একসঙ্গে যাদের সিওপিডি বলা হয়), যাতে রোগী সারা বছর শ্বাসকষ্টে ভোগে, তবে শীতে তা তীব্র আকার ধারণ করতে পারে। এ ছাড়া ফুসফুসে যক্ষ্মা, ক্যানসার বা নিউমোনিয়া হলে কিংবা ফুসফুসে যেকোনো কারণে পানি, রক্ত বা বাতাস জমা হলে, এসব রোগে শ্বাসকষ্টই মূল সমস্যা হিসেবে থাকে।






