মাগুরায় আলুবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফেরদৌস হাসান (২০)। তিনি বেলনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও মাগুরা আদর্শ কলেজের স্নাতক (পাস) শ্রেণির ছাত্র।
রামনগর হাইওয়ে থানার পরিদর্শক লিটন মিয়া বলেন, ফেরদৌস বেলনগর থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিল। একটি ট্রাককে অতিক্রম করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের পাশে ধাক্কা লেগে পড়ে যায় মোটরসাইকেলটি। মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে পুলিশ উদ্ধারের চেষ্টা করছে তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।






