যুক্তরাজ্যস্থ তৃতীয় বাংলা নামে পরিচিত টাওয়ার হ্যামলেটসের ৪১ বছরের পুরানো কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস রক্ষার দাবীতে এলায়েন্স অফ টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অর্গানাইজেশন্স উদ্যোগে সার্ভিস ইউজারদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জানুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোড়স্থ হাসান রাজা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হাজী আতিক মিয়া এবং যুগ্ম আহবায়ক শাহানুর আহমদ খানের পরিচালনায় সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক, স্থানীয় কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দসহ কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উক্ত সার্ভিসের অধীনে বাংলাসহ ১১টি ভাষায় প্রায় ১৫ শতাধিক শিশু-কিশোররা ৪৩টি কমিউনিটি সংগঠনের অধীনে আফটার স্কুল ক্লাসে লেখা পড়া করে আসছে। এতে শিক্ষা দিচ্ছেন প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা। এই সার্ভিস রক্ষার দাবীতে ৪৩টি কমিউনিটি সংগঠন একাত্বতা ঘোষণা করে এলায়েন্সের সাথে কাজ করে যাচ্ছে। উক্ত সভায় অধিক সংখ্যক বিভিন্ন কমিউনিটি সংগঠনগুলির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তারা অনেকেই এলায়েন্সের সদস্য আর কেউবা এই ইস্যুতে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে যেসব সিন্ধান্ত গৃহীত হয়, সেগুলো হচ্ছে ১. আগামী ১৯ ফেব্রুয়ারী কাউন্সিলের বাজেট মিটিং এ দাখিলকৃত পিটিশনের পক্ষে সি এল এস রক্ষার দাবী উত্থাপন করা হবে। ২. ১৯ ফেব্রুয়ারী বিকাল ৫টায় টাউন হলের সামনে ছাত্র-ছাত্রী, মা-বাবা, কমিউনিটি নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির সর্বস্তরের জনগনকে নিয়ে বিরাট বিক্ষোভ সমাবেশ হবে। ৩. স্থানীয় এমপিদের সাথে মিটিং করা হবে এবং তাদেরকে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস রক্ষায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের জন্য প্রয়োজনে আর্থিক সাহায্য আনার দাবী করা হবে। ৪. এই এলায়েন্স কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে ভবিষ্যতেও কাজ করবে। ৫. কাউন্সিল সি এল এস-কে ইন্ডিপেনন্ডেন্টলি রিভিউ, ফুল সার্ভিস ইভালুয়েশন, ফুল ইক্যুয়ালিটি ইমপেক্ট এনালাইস ও কার্যকরী কনসালটেনশন করার দাবী করা হয়।






