জেফ বেজোস আমাজন পরিচালনার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন

‘সব তো বুঝলাম, এবার বলো, ইন্টারনেট কী?’ ১৯৯৪ সালে যখন আমাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস, এ প্রশ্নই ঘুরেফিরে তাঁকে বারবার শুনতে হয়েছে। আমাজনের পরিচয় তখন কেবল অনলাইনে বই বিক্রেতা হিসেবে। আর এখন বলা হয় ‘দ্য এভরিথিং স্টোর’, অর্থাৎ যে দোকানে সবকিছু পাওয়া যায়।

ইন্টারনেট কী, তা এখন সবাই জানে। আমাজনের সম্ভাবনা নিয়ে যাঁরা প্রশ্ন করেছিলেন, তাঁদের উত্তর পেতেও বাকি নেই। ‘আমাজন’ নামের যে মহিরুহ দাঁড় করিয়েছেন জেফ বেজোস, তা কেবল তাঁকে ধনীদের তালিকায় শীর্ষে নিয়ে যায়নি, খুচরা পণ্য বিক্রির ধারণাই বদলে দিয়েছে। আমাজন এখন ই-কমার্সের সমার্থক। সেখানেও থেমে থাকেনি আমাজন। ক্লাউড কম্পিউটিং, ভিডিও স্ট্রিমিং সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিভাইস মিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের রাজা জেফ বেজোস।

তবে গতকাল মঙ্গলবার হঠাৎ করেই জেফ বেজোস ঘোষণা দিলেন, আমাজন পরিচালনার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। অ্যান্ডি জ্যাসিকে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দিয়ে ৫৭ বছর বয়সী জেফ হবেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান। অ্যান্ডি এত দিন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন। এখন চালাবেন পুরো প্রতিষ্ঠান। তৃতীয় প্রান্তিক, অর্থাৎ আগামী জুলাই থেকে এই পরিবর্তন আসবে আমাজনে।