জি৭ রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়

রাশিয়ার ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করেছে ধনী দেশগুলোর জোট জি৭, তবে দেশটি নানাভাবে তা পাশ কাটিয়ে গেছে। এবার তাই জি৭ রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। চলতি সপ্তাহে জাপানে অনুষ্ঠেয় জি৭–এর বৈঠকে এমন সিদ্ধান্ত আসতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ১৯ থেকে ২১ মে অনুষ্ঠেয় বৈঠকে মূলত নিষেধাজ্ঞা এড়ানোর বিষয়টি আমলে নেওয়া হবে। এ ক্ষেত্রে যেসব তৃতীয় দেশের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের প্রসঙ্গও সেখানে থাকবে। রাশিয়ার যুদ্ধের সক্ষমতা বিনষ্ট করতে দেশটির জ্বালানি উৎপাদন ও বাণিজ্য হ্রাস করতে ব্যবস্থা নেবে জি৭।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে, জি৭ ভুক্ত সদস্যদেশগুলো নিষেধাজ্ঞার বিষয়ে তাদের মনোভাবে সমন্বয় আনবে, অন্তত বিশেষ কয়েকটি পণ্যের ক্ষেত্রে। এ ক্ষেত্রে বিষয়টি হবে, অনুমোদিত পণ্যের তালিকার মধ্যে না পড়লে সব পণ্য স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে।