জাপানের অলিম্পিক আয়োজন অনিশ্চিত

টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে দোলাচলের মধ্যেই করোনাভাইরাস সংক্রমণ জাপানের পিছে লেগে আছে। সরকার নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে ও জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা উপদেশ দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সংক্রমণ শনাক্ত হওয়ার দৈনিক গণনায় লাগাম ধরে রাখা সম্ভব হচ্ছে না। অলিম্পিক আয়োজনের আর তিন মাসও বাকি নেই, এ অবস্থায় টোকিওতে আজ ১ হাজার ২৭ জনের নতুন করে সংক্রমিত হওয়ার খবর দিয়েছে টোকিও মেট্রোপলিটন সরকার। ২৮ জানুয়ারির পর এটা শহরটির সর্বোচ্চ সংক্রমণ।

জাপান সরকার এবং অলিম্পিক আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার ওপর এটা নিশ্চিতভাবেই নতুন চাপ সৃষ্টি করবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পাশাপাশি জাপান সরকার এবং জাপানের অলিম্পিক আয়োজক কমিটিও বলে আসছে অলিম্পিকের আয়োজন আর পিছিয়ে দেওয়া হবে না।