জাতীয় লিগের আট দলের অংশগ্রহণে টি–টোয়েন্টি টুর্নামেন্টটি খেলবেন ক্রিকেটাররা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টি এর আগে একবারই হয়েছিল, ২০১০ সালে। তবে তখন টি–টোয়েন্টির এমন জয়জয়কার ছিল না। বাংলাদেশের ক্রিকেটে ছিল না বিপিএল বলে কিছু।

তবে আগামীকাল থেকে সিলেটে শুরু হতে যাওয়া আট দলের এনসিএল টি–টোয়েন্টিতে ভর করে থাকবে বিপিএলের আবহ। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া একাদশ বিপিএলকে পাখির চোখ করেই জাতীয় লিগের আট দলের অংশগ্রহণে এই টি–টোয়েন্টি টুর্নামেন্টটি খেলবেন ক্রিকেটাররা।আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দলগুলোর জার্সি উন্মোচন ও ক্যাপ্টেনস মিটে এসে সে কথাই বলেছেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। খুলনার অধিনায়ক নুরুল হাসান হলেও তাদের প্রতিনিধি হিসেবে ছিলেন জিয়াউর রহমান। এনএসিএল তাঁর কাছে বিপিএলের প্রস্তুতির দারুণ সুযোগ, ‘আমরা সব সময় চাই ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট আরও বেশি হোক। এবার এনসিএল টি–টোয়েন্টি হচ্ছে, এটা ভালো। বিপিএলের প্রস্তুতিতে টুর্নামেন্টটা কাজে দেবে।’