ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোলা শহরের মধ্য চরনোয়াবাদ এলাকায় আলতাজের রহমান কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবরের পাশে দাফন করা হয়েছে নুরে আলমকে।
এর আগে রাত সাড়ে আটটার দিকে নুরে আলমের মরদেহ ভোলায় পৌঁছালে বিএনপির নেতা–কর্মীরা শহরে বিক্ষোভ করেন। এ সময় লাশের গাড়ি নিয়ে তাঁরা সরকারবিরোধী স্লোগান দেন। এ সময় নেতা–কর্মীরা নুরে আলমের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িসহ কয়েক শ মোটরসাইকেল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। নুরে আলমের জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন।






