চীন থেকে ৩ মার্কিন পত্রিকার সাংবাদিক বহিষ্কার

তিন প্রভাবশালী মার্কিন পত্রিকার ডজনখানেক সাংবাদিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে চীন। এসব সাংবাদিকের অনুমতিপত্র বাতিল করা হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের প্রেসকার্ড দিয়ে দিতে বলা হয়েছে। খবর রয়টার্স ও ব্লুমবার্গের।

চীনের এ সিদ্ধান্ত বিশ্বের বিবদমান বড় অর্থনীতির দুই দেশের চলমান দ্বন্দ্বের এক বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। গত মাসে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিনিধিদের ‘বিদেশি দূতাবাসের প্রতিনিধি’ হিসেবে গণ্য করার পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এই পাঁচ গণমাধ্যম স্বাধীন প্রতিষ্ঠান নয়—এই যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয়।এর পরপরই চীন ওয়ালস্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করে। তখন ওই পত্রিকায় ‘চীন: এশিয়ার প্রকৃত অসুস্থ মানুষ’ নামের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছিল। এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র দেশটিতে কাজ করা চীনা ৬০ সাংবাদিকদের অনুমতিপত্র বাতিল করে দেয়। আর সেই পদক্ষেপের ফল প্রতিক্রিয়া হিসেবে তিন মার্কিন পত্রিকার সাংবাদিক বহিষ্কারের এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের কয়েকজন সাংবাদিকের কাছে তাঁদের অনুমতিপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। অন্তত ১৩ জন সাংবাদিককে বহিষ্কার করা হতে পারে বলে ফরেন করেসপনডেন্ট ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও চীন কর্তৃপক্ষ ঠিক কতজন সাংবাদিককে বহিষ্কার করবে, এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। তবে চীন বলেছে, যেসব সাংবাদিককে বহিষ্কার করা হবে, তাঁরা চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাওয়ে কাজ করতে পারবেন না।