পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে চান।
তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মস্কো গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে পুতিন ও মোদি অঙ্গীকার করেছেন, ২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে (১০ হাজার কোটি ডলার) উন্নীত করা হবে; বর্তমানে যা ৬৫ বিলিয়ন (৬ হাজার ৫০০ কোটি ডলার) ডলার। এর মধ্যে ভারত রাশিয়া থেকে মূলত তেল ও সার কিনবে এবং বিনিময়ে রাশিয়ার কাছে তারা কৃষি ও শিল্পপণ্য বিক্রি করবে বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারত-রাশিয়ার সম্পর্ক নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, আরেক দিকে ভারতের কৌশলগত প্রতিপক্ষ চীন রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে; এই পরিস্থিতিতে ভারত রাশিয়ার সঙ্গেও সম্পর্কোন্নয়ন করতে চায়।
ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক পুরোনো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়াকে ভারতের ‘সব সময়ের বন্ধু’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে নরেন্দ্র মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অব সেন্ট এন্ড্রু দেওয়া হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেছেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করতে পুতিন ও মোদি দারুণ এক ভিত রচনা করেছেন।
শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট সমাধানে নরেন্দ্র মোদির প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিনের বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক হয়।






