চারটি নয় তিনটি গুচ্ছে হবে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষে (২০২০-২০২১) এই তিন গুচ্ছের আওতায় ৩৪টি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ভর্তি পরীক্ষা হবে। পাঁচ বড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি এবং তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ করার আলোচনা হলেও এই তিনটি গুচ্ছের যেকোনো একটিতে ঢুকতে পারে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়।






