চাঁদে অভিযান চালাবে সংযুক্ত আরব আমিরাত

২০২৪ সালে চাঁদে মানুষবিহীন মহাকাশযান পাঠাতে চায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম আজ মঙ্গলবার এ ঘোষণা দেন।

টুইটারে শেখ মোহাম্মাদ লেখেন, ‘আমিরাতের তৈরি এই চন্দ্রযান ২০২৪ সালে চাঁদের এমন অঞ্চলে অবতরণ করবে, যেখানে মানুষ কখনো আগে যায়নি।’

তবে ঠিক কোথায় অবতরণ করবে, বা কোন অঞ্চল ঘুরে দেখবে, কিংবা মহাকাশে চন্দ্রযানটি কীভাবে পাঠাবে, তা খোলাসা করে বলেননি শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম। তাঁর বাবা শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুমের নামানুসারে চন্দ্রযানের নাম দেওয়া হবে ‘রশিদ’।

২০২৪ সালে যদি তাদের অভিযান সফল হয়, তবে চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযান অবতরণ করাবে ইউএই। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন চাঁদে রোভার পাঠিয়েছিল। আর ভারত, ইসরায়েল ও জাপানের অভিযান ব্যর্থ হয়েছে।