চলতি সপ্তাহ থেকে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হয়েছে

ঋষি সুনাক এবং লিজ ট্রাস এখন ধারাবাহিক হাসটিঙে দলের সদস্যদের মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেশব্যাপী সর্বমোট ১২টি হাসটিঙের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ, অর্থাৎ তৃতীয় হাসটিং অনুষ্ঠিত হয় বুধবার, কার্ডিফে। এতে কনজারভেটিভ দলের প্রায় ৫শ সদস্য যোগ দেন। দলীয় সদস্যদের মুখোমুখি হতে প্রথমেই মঞ্চে আসেন ঋষি সুনাক। তিনি লেবার নেতৃত্বাধীন ওয়েলস সরকারের কর্মদক্ষতার তীব্র সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ দেয়া অর্থ যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন মার্ক ড্রেইকফোরড এবং তাঁর সরকার।

এরপর আসে লিজ ট্রাসের পালা। গত সপ্তাহে তিনি বলেছিলেন, স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে সেখানকার ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের বক্তব্যকে অবজ্ঞা করবেন। আর ওয়েলসে এসে তিনি বললেন, স্কটল্যান্ড আর ওয়েলসের ইস্যু ভিন্ন। এম-ফোর রিলিফ রোড নির্মাণ করার উদ্যোগ না নেয়ায় মার্ক ড্রেইকফোরড এর সমালোচনা করে তিনি বলেন, তিনি প্রধানমন্ত্রী হলে এই রাস্তা নির্মাণ করবেন।

ওয়েলস সরকার বলেছে, কনজারভেটিভ দলের দুই লিডারশীপ প্রার্থীর সমালোচনার উত্তরে তাঁরা কোনো মন্তব্য করতে চায়না। তবে কার্ডিফের হাসটিং শেষে বাড়ি ফেরার পথে দলীয় সদস্যরা দুই প্রার্থীর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

এর আগে পয়লা অগাস্ট এক্সিটারে অনুষ্ঠিত হয় ওয়েস্ট কান্ট্রি এলাকার কনজারভেটিভ দলের আয়োজনে দ্বিতীয় হাসটিং। এতে দলের প্রায় ১ হাজার সদস্য অংশ নেন। হাসটিঙে যোগ দিয়ে দলের অনেক সদস্য জানিয়েছেন, সিদ্ধান্ত নিতে এই হাসটিং তাদের অনেক কাজে লেগেছে।

চলতি সপ্তাহ থেকে ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হয়েছে কনজারভেটিভ দলের সদস্যদের কাছে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।