ঘড়িতে তখন সকাল সোয়া সাতটা। ৩৫ জন যাত্রী নিয়ে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে রামচরণ ঘাটের উদ্দেশে রওনা দেয় একটি কাঠের ট্রলার। যাত্রা শুরুর প্রায় ২৫ মিনিট পর চারপাশে ঘন কুয়াশায় কিছুই দেখছিলেন না চালক আনোয়ার হোসেন। এ সময় ট্রলারে সহযোগী হিসেবে থাকা ছেলেকে ডাক দেন তিনি। জানতে চান, ঠিক পথে যাচ্ছেন কি না।
আনোয়ারের ছেলে ফখরুল ইসলাম একটি মুঠোফোন নিয়ে চলে আসেন তাঁর কাছে। সেখানে গুগল ম্যাপ চালু করে দিকনির্দেশনা দেন বাবাকে। এ চিত্র আজ শুক্রবার সকালের।
সে সময় ট্রলারটিতে যেতে যেতে কথা হয় চালক আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানান, শীত মৌসুমে ঘন কুয়াশায় তাঁর মতো মেঘনা নদীর প্রায় সব চালকই গুগল ম্যাপের সহায়তা নিয়ে ট্রলার চালাচ্ছেন। ছোটখাটো অন্য নৌযানগুলোরও একই অবস্থা।






