শস্যের মৌসুমে গ্রামের উঠান থাকে ব্যস্ত। ধান উড়িয়ে, রোদে শুকানো শস্য ঘরে তুলে, ধুলাবালু আর খড়কুটো মেখে মেয়েরা যখন খিড়কিপুকুরে গোসল করতে যায়, তখন প্রায়ই সঙ্গে নিয়ে যায় ধুন্দুল বা ঝিঙের খোসা। তারা গা ডলে গোসল করে, কখনো সহমর্মী একজন আরেকজনের পিঠও ঘষে দেয়। গাত্র মার্জনের এই স্বাস্থ্যসম্মত অভ্যাস চলে আসছে স্মরণাতীত কাল থেকে। শহুরে মানুষও ব্যবহার করে এই খোসা, যার সঙ্গে যোগ হয়েছে সাইসাল, টেরি ক্লথ আর সামুদ্রিক স্পঞ্জ। অধুনা সুপার মার্কেটে গা মাজার জন্য কিনতে পাওয়া যায় নানা রকম মার্জনী, প্রায়ই যার দুদিকে থাকে দুরকম ঘষুনি—এক পিঠ কর্কশ, আরেক পিঠ মোলায়েম। যেমন ধুন্দুলের খোসা আর টেরি ক্লথ। টেরি ক্লথ নরম তোয়ালে-জাতীয়, লুপ করা সুতি বস্ত্র। ধুন্দুলের খোসা ছাড়াও মার্কেটে পাওয়া যায় সাইসাল আর প্রাকৃতিক স্পঞ্জ।প্রতিনিয়ত আমাদের ত্বকের ওপর ধুলাবালু, তেল ছাড়াও জমে ওঠে অসংখ্য মৃত কোষ, যেগুলো চামড়ার ওপরকার রন্ধ্র বন্ধ করে স্বাস্থ্যহানি ঘটায়। সপ্তাহে বার দু-এক এসব পদার্থ ঘষে উঠিয়ে দিলে রক্ত সঞ্চালন বাড়ে, নতুন করে বডি অয়েল তৈরি হয়, লিম্ফ ফ্লুইডের চলাচল বাড়িয়ে দেহ থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে দেয় এবং প্রসাধন নেওয়ার জন্য প্রস্তুত করে ত্বকের ওপরিভাগ। শুধু হাত দিয়ে গাত্র মার্জন করা যথেষ্ট নয়, এর জন্য চাই ধুন্দুলের খোসা, সাইসাল, সামুদ্রিক স্পঞ্জ প্রভৃতি।






