গরমে পুরুষদের ফ্যাশন

গরমকালে সাধারণত আমরা খুঁজে খুঁজে ওয়ার্ডরোবের তলা থেকে ওপরে তুলি ফিনফিনে আর ঢিলেঢালা পোশাক। সারা দুনিয়াতেই এখন সেই ঢিলেঢালা পোশাকের জোয়ার। কয়দিন আগেও যে পোশাক পরলে ‘বাবার পোশাক পরে বেরিয়েছে’ বলে টিপ্পনী শুনতে হতো, চলতি ধারায় সেটাই এখন রমরমা। মানে নিজের মাপের চেয়ে এক সাইজ বড় (ওভার সাইজ) পোশাকই এখন পরতে পারেন অনায়াসে। গরমে পুরুষদের ফ্যাশন নিয়ে ডিজাইনার শাহরুখ আমিনের সঙ্গে কথা বলতে গিয়েও সেই আভাসই পাওয়া গেল। সব ঋতুতেই ফ্যাশনসচেতন এই ডিজাইনার বলেন, ড্রপ শোল্ডারের (ঢোলা কাঁধ) চল এখন। মানে কিছুদিন আগেও যে পোশাক কাঁধের মাপ দিয়ে কেনা হতো, এখন সেটার প্রয়োজন ফুরিয়েছে। এখন পোশাকের কাঁধ নামিয়ে পরাটাই ফ্যাশন। সেই সঙ্গে যেটাই পরা হোক, হতে হবে অনেকটা ঢোলা।গরমের ফ্যাশনে আরও একটি বিষয় যোগ হয়েছে। সেটা হচ্ছে বোহো ধারা। হয়তো একটি ক্যাজুয়াল পোশাকেই বাইরে যাচ্ছেন, তবে সঙ্গের বাকি অনুষঙ্গগুলো তাকে এমন একটা লুক দেবে, যেটা দেখতে বোহেমিয়ান। এই যেমন একটা বেসবল ক্যাপ বা পানামা হ্যাট, স্তর করে পরা অলংকার অথবা গলায় বাঁধা স্কার্ফ ইত্যাদি।

ফ্যাশন হাউস ব্লুচিজের প্রধান পরিচালন কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, বাইরের তাপমাত্রা বেশি থাকলে ঘাম হয়, তাই সুতি পোশাক এই সময়ে আরামদায়ক। লিনেন কাপড়ও খুব দ্রুত ঘাম শুষে নিতে পারে এবং বাতাস চলাচল সহজ করে, তাই গরমের পোশাক হিসেবে লিনেনের চাহিদাও ভালো থাকে। গরমে চল থাকে হালকা রঙের পোশাকের।