ক্যানসারের কাছে হার সাইদুর রহমান প্যাটেল হাসপাতালে মৃত্যুবরণ করেন

বছরখানেক ধরে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালে চিকিৎসা নেওয়ার ছবি পোস্ট করতেন। সুদূর যুক্তরাষ্ট্র থেকে সবার কাছে দোয়া চাইতেন। কিন্তু আর নিজের জন্য দোয়া চাইবেন না স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম উদ্যোক্তা সাইদুর রহমান প্যাটেল। ক্যানসারের কাছে হার মেনে আজ বিকেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান অম্লান হয়ে থাকবে। স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে সাইদুর রহমান প্যাটেল রেখেছিলেন অনন্য ভূমিকা। মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহে ভারতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলেছে স্বাধীন বাংলা দল। আর সেই দলকে সংগঠিত করেন সাইদুর রহমান প্যাটেল।

স্বাধীন বাংলা দল গঠনের বিবরণ সাইদুর রহমান দিয়ে গেছেন এভাবে, ‘মে মাসের মাঝামাঝি। আমরা তখন কলকাতায় সুবোধ সাহার বাসায়। হঠাৎ চিন্তা আসে ফুটবল খেলোয়াড় হিসেবে কীভাবে স্বাধীনতাযুদ্ধে অবদান রাখতে পারি। মনে মনে তখনই একটা ফুটবল দল গঠনের ইচ্ছা জাগে। সে দলের খেলা থেকে যে অর্থ আসবে, তা দিয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধের তহবিলে। স্বাধীনতার পক্ষে জনমত গড়তেও বিরাট ভূমিকা রাখবে সেটি।’