কোচ জিনেদিন জিদানের সঙ্গে ঝগড়া হলো মার্সেলোর

মিএমনিতেই রিয়াল মাদ্রিদে তাঁর জায়গা গত মৌসুম থেকে নড়বড়ে। বয়স হয়েছে, গতকালই ৩৩তম জন্মদিন পালন করেছেন, মার্সেলো এখন আর আগের মতো মাঠের এমাথা-ওমাথা দৌড়াতে পারেন না। তাঁর রক্ষণ নিয়ে প্রশ্ন তো সব সময়ই ছিল, বয়সের কারণে এখন দমে টান পড়ায় রক্ষণের সক্ষমতা আরও কমেছে। এখন আর আক্রমণে ওপরে উঠলে সময়মতো নিচে নামতে পারেন না। ফারলাঁ মেন্দি ক্লাবে যোগ দেওয়ার পর থেকে তাই রিয়াল মাদ্রিদের লেফটব্যাক জায়গাটা আর মার্সেলোর নেই।

কিন্তু খেলতে না পারলে কারই-বা সহ্য হয়! সে কারণেই কি না, গত পরশু অনুশীলনের সময়ে কোচ জিনেদিন জিদানের সঙ্গে ঝগড়া হলো মার্সেলোর। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত দুইটায় লিগে গ্রানাদার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, সে দলে মার্সেলোকে রাখা হয়নি।