যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের বৃহত্তম শহর উইলমিংটনের এক জনশূন্য জিমনেসিয়ামে গত বুধবার জো বাইডেন তাঁর রানিংমেট হিসেবে কামালা হ্যারিসকে দেশটির ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। প্রথম দিনেই পরিষ্কার হয়ে গেল, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিসেবে কামালা কী ভূমিকা পালন করবেন। তাঁর প্রথম ও প্রধান কাজ হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড বিশ্লেষণ করে কঠোর ও নির্দয়ভাবে আক্রমণ করা।
৭৭ বছর বয়সী বাইডেন তার্কিক হিসেবে তুখোড় নন। জিবের ডগায় সঠিক কথাটি সর্বদা তিনি খুঁজে পান না। অনেক সময় তথ্য গুলিয়ে ফেলেন। এসব শূন্যস্থান পূরণ করতে কামালা হ্যারিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সক্ষম হবেন। বুধবারই তার প্রমাণ মিলল। ট্রাম্পের সমালোচনায় বাইডেনের সবচেয়ে স্মরণীয় লাইন ছিল, ‘তিনি সব সময় শুধু ঘ্যানঘ্যান করে অভিযোগ করতে পারেন।’ তবে ট্রাম্প ও তাঁর ক্যাম্পেইনকে আক্রমণ করার ভার ছেড়ে দিয়েছিলেন কামালার ওপর।
মাত্র ৯০ সেকেন্ডের এক স্মরণীয় বিবরণে কামালা হ্যারিস প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কেন ব্যর্থ, তার ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বের সব দেশকেই আক্রান্ত করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। তার কারণ, এই ভাইরাসকে গুরুত্বের সঙ্গে গ্রহণে ট্রাম্পের ব্যর্থতা। ভাইরাস টেস্ট চালু করা থেকে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা প্রশ্নে তাঁর অবস্থান বৈপরীত্যে ভরা। একেকবার একেক কথা বলছেন। উদভ্রান্তের মতো তিনি দাবি করেছিলেন, বিশেষজ্ঞদের চেয়েও করোনাভাইরাস বিষয়ে তিনি বেশি জানেন। তার ফল দাঁড়িয়েছে এই যে এখন প্রতি ৮০ সেকেন্ডে একজন আমেরিকান এই ভাইরাসে মারা যাচ্ছেন।
বাইডেন-হ্যারিসের এই উদ্বোধনী অনুষ্ঠানের সামান্য পরেই ডোনাল্ড ট্রাম্প ভাইরাস প্রশ্নে তাঁর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি জানান, টিভিতে এই দুজনের ভাষণ তিনি খুব একটা দেখেননি। বাইডেন যে কামালা হ্যারিসকে নিজের রানিংমেট নির্বাচন করেছেন, তাতে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, এটি খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। বাছাইপর্বে বাইডেনকে ‘অসম্মানজনক’ ভাষায় আক্রমণ করেছিলেন কামালা। তাঁকে কী করে রানিংমেট করা যায়, তা তিনি ভেবে পান না বলে জানান ট্রাম্প। তিনি কামালাকে অতি উদারপন্থী হিসেবেও চিহ্নিত করেন।






