কাতার বিশ্বকাপে নাম লেখাল অস্ট্রেলিয়া

২০২২ বিশ্বকাপে চূড়ান্ত পর্বে আর বাকি রইল একটি জায়গা। কাতারের আল রায়ানে আহমাদ বিন আলী স্টেডিয়ামে আজ রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পেল অস্ট্রেলিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট ম্যাচটি গোলশুন্য ড্র ছিল।

৩১তম দল হিসেবে কাতার বিশ্বকাপে নাম লেখাল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেল অস্ট্রেলিয়া।

কাতারের মাঠেই নিশ্চিত হবে কাতার বিশ্বকাপ চূড়ান্ত পর্বের শেষ দল। আরেকটি আন্তমহাদেশীয় প্লে অফ থেকে নিউজিল্যান্ড না কোস্টারিকা? উত্তর জানা যাবে মঙ্গলবার রাতে।

ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৭ মিনিটে পেরুকে গোলবঞ্চিত করে পোস্ট। বাঁ প্রান্ত থেকে বদলি নামা উইঙ্গার এডিসন ফ্লোরেসের ক্রসে হেড করেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান কুয়েভা। বল পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ঠ হওয়ায় বেঁচে যায় অস্ট্রেলিয়া। তার আগে ১০১ মিনিটে ফ্লোরেসের শট রুখে দেন অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান। রিয়াল সোসিয়েদাদের এই গোলকিপারকে ১১৯ মিনিটে তুলে নিয়ে চমকে দেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড।