অন্যান্য দিনের মতোই সকালে কাজে যান আল ইমরান (২০)। কাজ করতে গিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ করে কাগজ কাটার রোলার মেশিনের সঙ্গে জড়িয়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত নিয়ে নেওয়া হয় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই তাঁর মৃত্যু হয়েছে।
আজ হবিগঞ্জের বাহুবল উপজেলার ভারটেক্স পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শী ও কারখানার মালিকপক্ষের দুই রকম বক্তব্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে নিহত শ্রমিকের এক সহকর্মী বলেন, ইমরান কাগজ কাটার রোলার মেশিনে কাজ করা অবস্থায় হঠাৎ করে মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় তিনি নিজে ও অপর এক শ্রমিক ত্রুটি মেরামতের চেষ্টা করেন। হঠাৎ রোলার মেশিনটি চালু হয়ে গেলে ইমরান মেশিনের সঙ্গে জড়িয়ে দুর্ঘটনার শিকার হন।
ভারটেক্স পেপার মিলে শতাধিক শ্রমিক কাজ করেন। নিহত আল ইমরান জেলার বাহুবল উপজেলার ওলিপুর গ্রামের মুখলেছ মিয়ার ছেলে। তিন বছর ধরে এ কারখানায় কাজ করে আসছিলেন তিনি। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে কারখানার নির্বাহী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নিহত শ্রমিক কাজ করা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে মেশিনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ত্রুটিযুক্ত মেশিন মেরামত করার সময় হঠাৎ অসাবধানতাবশত রোলার মেশিনটি চালু হলে দুর্ঘটনার শিকার হন এই শ্রমিক। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






