করোনাভাইরাস নিয়ন্ত্রণে কত সময় লাগতে পারে

প্রথম দিকে বিজ্ঞানীরা বলতেন, করোনা মহামারি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। সময় লাগবে। কারণ কোনো দেশ বা অঞ্চলের মানুষের অন্তত ৭০ শতাংশ করোনাভাইরাস-প্রতিরোধী হতে হবে। সেটা কিছুটা হবে আক্রান্ত ব্যক্তিদের দেহে সৃষ্ট অ্যান্টিবডির সক্রিয়তায় সুস্থ হওয়ার মাধ্যমে, আর বাকিটা হতে হবে টিকার (ভ্যাকসিন) মাধ্যমে। যেহেতু টিকা আবিষ্কারে কয়েক বছর দরকার, তাই করোনা মহামারি দূর হতে সময় লাগবে। কিন্তু সম্প্রতি বেশ কিছু গবেষণায় বিজ্ঞানীরা দেখছেন, ৭০ শতাংশ নয়, ৫০ শতাংশ বা ক্ষেত্র বিশেষে এর কম রোগপ্রতিরোধী হলেই সেই অঞ্চল ‘হার্ড ইমিউনিটি’ অর্জন করতে পারে। অর্থাৎ ওই এলাকায় করোনাভাইরাস তার বংশ বিস্তারের জন্য প্রয়োজনীয় আশ্রয় আর পাবে না। রোগটি সেখানে বিলুপ্ত হবে।

বিজ্ঞানীরা এখন এটাও বলছেন, যাঁদের করোনার সামান্য লক্ষণ দেখা গেছে এবং দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরেও এমন অ্যান্টিবডি তৈরি হয়, যা দীর্ঘ সময় পর্যন্ত সক্রিয় থাকে। এসব বিষয়ে ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় (অনলাইন) ১৬ ও ১৭ আগস্ট দুটি গুরুত্বপূর্ণ লেখা ছাপা হয়েছে