করোনাভাইরাসের উপসর্গের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধটি যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।
কোভিডে সম্প্রতি আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের দিনে দুবার করে মলনুপিরাভির বড়ি সেবন করতে দেওয়া হবে বলে বিবিসি জানিয়েছে।
মূলত সর্দি-জ্বরের চিকিৎসার জন্য তৈরি বড়িটি পরীক্ষামূলক প্রয়োগে আশা জাগানো ফলাফল দেখিয়েছে। এই বড়ি সেবনে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমেছে বলে প্রমাণ মিলেছে।
একেবারে নাজুক অবস্থার রোগীদের জন্য বা রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের একেবারে কম তাদের জন্য এই চিকিৎসাকে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
এক বিবৃতিতে তিনি বলেন, “আজ আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক দিন। কারণ, কোভিড চিকিৎসায় ঘরে বসে নেওয়া যাবে এমন জীবানুপ্রতিরোধী ওষুধ বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য প্রথম অনুমোদন দিল।”
যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ।
এর আগে পরীক্ষামূলক প্রয়োগে তাদের তৈরি ওষুধ মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে প্রমাণ মিলেছে।






