কবরস্থান খুঁড়ে মিলল অস্ত্র ও গুলি, আটক ২

যশোরে কবরস্থান খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটকের পর তাঁদের দেওয়া তথ্য মতে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের আবদুল হক গাজী (৭২) ও তাঁর ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।

যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিরাজসিংহা গ্রামের আব্দুল হক গাজী ও তাঁর ছেলে হালিম গাজী অস্ত্র মজুত করে রেখেছে। এরপর শুক্রবার ভোর চারটার দিকে তিনি কোতোয়ালি থানার ওসিসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যান। পরে আবদুল হক ও তাঁর ছেলে হালিমকে বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির পাশের একটি কবরস্থানের মাটি খুঁড়ে দুটি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক ও দুইটি পাইপগান উদ্ধার করা হয়। এ ছাড়া ৩৭টি শটগানের সিসা বুলেট, ৫টি এসএমজি বুলেট ও ৩০টি নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী বলেন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে আসামি পারিবারিক কবরস্থানে এই অস্ত্র ও গুলি মজুত করে রাখে বলে জানা গেছে। এ ছাড়া এসব অস্ত্র আশপাশের বিভিন্ন জেলার অপরাধীদের কাছে ভাড়া দিত এবং একটি চক্রের মাধ্যমে অস্ত্র-গুলি বিভিন্ন সন্ত্রাসীদের কাছে ক্রয় বিক্রয়ের সঙ্গেও তাদের সম্পৃক্ততা রয়েছে। কুয়াদা বাজারের আশপাশে বসবাসরত সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত বলেও অভিযোগ পাওয়া গেছে। আটককৃত দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।