গায়ানা নাকি বাংলাদেশ? খেলা হচ্ছে কই!
সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে এমন প্রশ্ন উঠতেই পারে। ধীরগতির স্পিন সহায়ক উইকেটে ক্যারিবীয়রা নিজ ঘরেই পরবাসী, আর বিদেশের মাটিতে দেশের ছোঁয়া বাংলাদেশিদের! প্রায় প্রথম ওয়ানডের ধাঁচেই, আরও দাপুটে পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল বাংলাদেশ। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাল টানা ১০ ওয়ানডেতে, জিতল টানা চারটি সিরিজ।
আগের ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ টসটি জেতেন তামিম ইকবাল, আবারও বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। আবারও বাংলাদেশ স্পিনারদের সামনে দিশেহারা হয়ে পড়ে উইন্ডিজ ব্যাটিং লাইন আপ, বেশ অনভিজ্ঞ এক দলের স্পিন-দূর্বলতা ফুটে উঠেছে বেশ ভালোভাবেই। আগের ম্যাচে ১৪৯ রান তুললেও এবার নাসুম আহমেদ, মেহেদী মিরাজ, শরীফুল ইসলামদের তোপে তারা গুটিয়ে যায় ১০৮ রানেই। পরে তামিম ইকবালের অপরাজিত ৫০ ও লিটন দাসের ২৭ বলে ৩২ রানের ইনিংসে বাংলাদেশ জিতেছে ১৭৬ বল বাকি থাকতেই।






