ওয়াইফাই রাউটারের নিরাপত্তা হ্যাক হওয়ার আশঙ্কা

আমরা অনেকেই মনে করি, ঘরের ওয়াইফাই যেহেতু ব্যক্তিগত, তাই সেটি নিরাপদ।

কিন্তু বাস্তবতা হলো, হ্যাকাররা অনেক সময় আপনার ওয়াইফাইয়ের ছোট কোনো ভুলের সুযোগ নিয়ে আপনার বা ওই নেটওয়ার্কের অন্য কারোর তথ্য চুরি করতে পারে। যদি ওয়াইফাই রাউটারের নিরাপত্তা ভালোভাবে সেট না করা হয় এবং এর ফ্রেমওয়ার্ক ও পাসওয়ার্ড নিয়মিত আপডেট না করা হয়, তবে এটি হ্যাক হওয়ার আশঙ্কা থেকে যায়।অনেক বাসায় এখনো অনেক পুরোনো রাউটার ব্যবহার করা হয়। যেহেতু রাউটার ঠিকঠাক মতোই চলছে, সেহেতু এটি পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনেকেই বোধ করেন না। তবে এসব রাউটারে ব্যবহৃত সফটওয়্যারগুলো অনেক পুরোনো হয়ে থাকে। ফলে তাতে নিরাপত্তার অনেক ঝুঁকি থাকতে পারে।

এছাড়া, অনেক সময় রাউটারের লগইন পাসওয়ার্ড পরিবর্তন না করে ডিফল্ট পাসওয়ার্ডই ব্যবহার করে অনেকে, যা মারাত্মক ঝুঁকি তৈরি করে। এতে হ্যাকাররা সহজেই রাউটারে প্রবেশ করতে পারে এবং আপনার ডিভাইসে থাকা ব্যক্তিগত তথ্য, যেমন ছবি, ব্যাংক তথ্য, বা পাসওয়ার্ড চুরি করতে পারে।

ওয়াইফাই হ্যাক করার একটি সাধারণ ও জনপ্রিয় কৌশল হলো ইভিল টুইন অ্যাটাক। এতে হ্যাকার আপনার ওয়াইফাইয়ের নামের মতো দেখতে একটি ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে । আপনি ভুল করে সেখানে কানেক্ট করলে হ্যাকার আপনার তথ্য দেখে ফেলতে পারে। এমনকি আপনি কী টাইপ করছেন, তাও তারা বুঝে ফেলতে পারে। এটাকে বলা হয় ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক, যা খুব বিপজ্জনক।