চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে । এবার ৯টি সাধারণ, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬ শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো।
গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন।






