এভিয়ান ফ্লু

ভারতে বন্য রাজহাঁস, কাক ও হাঁসের শরীরে এভিয়ান ফ্লু শনাক্ত হওয়ার পর দেশটিতে লাখ লাখ হাঁস–মুরগি হত্যা করা হচ্ছে। সপ্তাহখানেক আগে বিভিন্ন রাজ্যে ঝাঁকে ঝাঁকে পাখি মারা পড়ে। এগুলো পরীক্ষা করে এভিয়ান ফ্লুর ভাইরাস শনাক্ত হয় বলে বিবিসির খবরে বলা হয়।

পরে এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সে জন্য কেন্দ্রীয় সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশের পাশাপাশি ‘হাই অ্যালার্ট’ জারি করে। মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কম থাকলেও জনসাধারণকে মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে।

অনেক জেলায় পোলট্রি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ডিম বিক্রিও বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে এই ভাইরাস অন্যান্য প্রজাতির পাখির মধ্যেও পাওয়া গেছে।

ভেটেরিনারি প্যাথলোজিস্ট বিক্রম সিং বিবিসি হিন্দিকে বলেন, উত্তরাঞ্চলীয় প্রদেশ হিমাচলের পং দাম লেকে প্রায় ২ হাজার ৪০০ পারিযায়ী পাখি মরে পড়ে থাকতে দেখা গেছে। এসব পাখি সাইবেরিয়া ও মঙ্গোলিয়া থেকে এসেছিল। বিক্রম সিং বলেন, পং দাম এলাকার ১০ কিলোমিটারের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এখনো পোলট্রিতে বার্ড ফ্লুর কোনো লক্ষণ দেখা যায়নি। তবে এই এলাকায় কোনো পোলট্রি খামার নেই।