তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের একঝাঁক পরিচিত মুখ। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শক্তিগুলোর ঐক্যপ্রক্রিয়া নিয়ে চলমান আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। আপ বাংলাদেশের একাংশসহ বেশ কয়েকটি দলের নেতা, জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ও ফ্রন্ট লাইনের পরিচিত অনেক মুখ এনসিপিতে যুক্ত হচ্ছেন। সে সঙ্গে জুলাইয়ের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির গুরুত্বপূর্ণ কতিপয় নেতার মেধাবী সন্তানসহ বিভিন্ন স্তরের নেতার এনসিপিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে।
এনসিপির একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এবি পার্টি ও আপ বাংলাদেশের সঙ্গে এনসিপির অনেক দিন ধরে আলোচনা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক ও ফ্রন্টলাইনের পরিচিত অনেক মুখের সঙ্গেও আলোচনা অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিএনপির বিভিন্ন স্তরের বঞ্চিত ও সম্প্রতি নির্বাচন করে পরাজিত হওয়া নেতা এবং গুরুত্বপূর্ণ নেতাদের সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এনসিপির। এ তিনদিকের নেতাদের সঙ্গে এনসিপির দায়িত্বপ্রাপ্ত কিছু নেতা ইতিবাচক সম্পর্ক ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। দলের শক্তিমত্তা বাড়ানোর এ প্রচেষ্টায় বেশ অগ্রগতি হয়েছে বলে দাবি করছেন তারা।






