কাল নেপালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিতে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। দীর্ঘ ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যে সুযোগ এসেছিল, সেটি শেষ পর্যন্ত ধরা দেয়নি জামাল ভূঁইয়াদের হাতে। শুরুতেই এগিয়ে যাওয়ার পর অভাবনীয় সব ঘটনা শেষ করে দিয়েছে সব সম্ভাবনা। ম্যাচের ৭৯ মিনিটে গোলকিপার আনিসুর রহমানের লাল কার্ড, এরপর ৮৬ মিনিটে বিতর্কিত পেনাল্টি। বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের সমাপ্তি ঘটেছে কান্না আর হতাশায়।
ম্যাচ শেষে কোচ অস্কার ব্রুজোন কোনো রাখঢাক না করেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রেফারিং নিয়ে। তিনি মনে করেন, নেপালের বিপক্ষে ম্যাচে রেফারির ‘অবিচারের’ শিকার বাংলাদেশ। তিনি এর আগে ভারত ও মালদ্বীপ ম্যাচের পরও রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, সাফ চ্যাম্পিয়নশিপে ‘বাজে রেফারিংয়ের’ লক্ষ্যবস্তু হয়েছে বাংলাদেশ।
রেফারিং নিয়ে বাংলাদেশের অভিযোগ নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবলে খুব কমই এমন হয়েছে যে রেফারির ‘ফিফটি-ফিফটি’ সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে এসেছে। কেবল জাতীয় দলই নয়, আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও একই ব্যাপার ঘটছে। এই তো কিছুদিন আগেই মালেতেই এএফসি কাপে ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত বসুন্ধরার বিপক্ষে গেছে। কাল ব্রুজোন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তুলেছেন সে কথাও।






