ই-মেইলে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন থালাপতি বিজয়

দক্ষিণ ভারতে এখন আলোচনায় বিজয়। তবে অভিনেতা থালাপতি বিজয় নন; বরং রাজনীতিবিদ বিজয়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ইনিংস শুরুর আগেই নানা ঘটনায় আলোচনায় তিনি। কিছুদিন আগেই তাঁর জনসভায় পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হন। এ ঘটনায় বিরোধী শিবিরও ছেড়ে কথা বলেনি দক্ষিণি সুপারস্টারকে। এমন আবহেই গতকাল বৃহস্পতিবার দক্ষিণি তারকার বাড়িতে বোমাতঙ্ক। ই-মেইলে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি পেলেন থালাপতি বিজয়।হুমকিতে বোমা ফেলে নেতা-অভিনেতার নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ কথা রয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, সেই বাড়িতেই বোমা রাখা আছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ‘বম্ব স্কোয়াড’। তবে গোটা বাংলোজুড়ে খানাতল্লাশি চালিয়েও কোনো বোমা পাওয়া যায়নি। পরে পুলিশ জানায়, এটা ছিল ভুয়া হুমকি। এ ঘটনা নিয়ে এখনো কোনো বক্তব্য দেননি বিজয়।