ইবিএল ইনস্টা ব্যাংকিং সেবা

বাংলাদেশের নাগরিকেরা এখন বিশ্বের যেকোনো স্থান থেকেই বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে (ইবিএল) অ্যাকাউন্ট বা হিসাব খোলার পাশাপাশি প্রয়োজনীয় রিটেইল ব্যাংকিং করতে পারবেন। এ জন্য ব্যাংকটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘ইবিএল ইনস্টা ব্যাংকিং’ শীর্ষক নতুন সেবা।

ইবিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইবিএল ইনস্টা ব্যাংকিং সেবার আওতায় অ্যাকাউন্ট বা হিসাব খোলার জন্য প্রয়োজন হবে শুধু বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সেলফিতে তোলা একটি ছবি। এ জন্য অন্য কোনো ফিজিক্যাল ডকুমেন্ট বা কাগজপত্রের প্রয়োজন পড়বে না এবং ব্যাংকেও যেতে হবে না। বাংলাদেশ ব্যাংকের কেওয়াইসি নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে ইবিএল ইনস্টা ব্যাংকিংয়ে লাইভলিনেস পরীক্ষার মাধ্যমে ফেসিয়াল রিক্যানিশন করা হবে।