আগামী বছর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে জার্মানি। এ–সংক্রান্ত একটি খসড়া বাজেটে সরকার অনুমোদনও দিয়েছে।
গতকাল বুধবার সরকারের অনুমোদন পাওয়া খসড়া বাজেটে সহায়তা ৮৭০ কোটি মার্কিন ডলার থেকে কমিয়ে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার বলেন, ধনী দেশগুলোর জোট জি–৭ তাদের মাটিতে জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে যে সুদ পাওয়া গেছে, সেগুলো থেকে ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা করেছে। যে কারণে ‘অদূরভবিষ্যৎ পর্যন্ত ইউক্রেনে সামরিক অর্থায়ন সুরক্ষিত আছে।’যুক্তরাষ্ট্রের পর জার্মানি থেকেই সবচেয়ে বেশি সামরিক সহায়তা ইউক্রেনে যায়। রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা যুদ্ধে যে সহায়তা বড় ভূমিকা রাখছে।
জার্মানি এমন একটি সময়ে তাদের সেই সহায়তা কমিয়ে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছে, যখন যুক্তরাষ্ট্র থেকে ভবিষ্যতে ইউক্রেনের সামরিক সহায়তা পাওয়া ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এবং যদি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতে যান, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে সামরিক সহায়তা আসা কমে যেতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে।






