আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত, আমদানির সুযোগ দিয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
আজ ১৩ ডিসেম্বর এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দিয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য হবে।

এর আগে ১১ ডিসেম্বর এসব পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশ ব্যাংকের গৃহীত এই ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত করবে।