আরও এক রুশ জেনারেল নিহত

ইউক্রেনে চলমান যুদ্ধে শীর্ষস্থানীয় আরও এক রুশ জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জেলেনস্কি নিহত রুশ জেনারেলের নাম না জানালেও ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা বলেন, ডানপন্থী আজোভ ব্যাটালিয়ন রুশ মেজর জেনারেল ওলেহ মিতিয়ায়েভকে হত্যা করেছে।

ইউক্রেনের গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের কাছে লড়াইয়ে জেনারেল ওলেহ মিতিয়ায়েভ নিহত হন।

এ নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার চার জন জেনারেল নিহত হলেন। এতে করে এমন প্রশ্নও উঠেছে, রাশিয়ার সামরিক বাহিনী কেন সম্মুখসমরে শীর্ষস্থানীয় জেনারেলদের পাঠাচ্ছে।

বিশ্লেষকেরা ধারণা করছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছে।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রিতা কোনায়েভ যেমন বিবিসিকে বলেন, ‘আমার মনে হয় না এটা একটা দুর্ঘটনা। একটা হলে দুর্ঘটনা বলা যায় কিন্তু একাধিক ঘটনা হওয়ায় লক্ষ্যবস্তু মনে হচ্ছে।’