আগামী সপ্তাহ থেকে দোকানপাট, জিম এবং সেলুন খোলা রাখার অনুমতি দেয়া হবে

দেশের অচলাবস্থা কাটিয়ে উঠার জন্য বিনামূল্যে সপ্তাহে দু’বার করোনা ভাইরাস পরীক্ষা করানোর জন্য বৃটিশ জনগণের প্রতি আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ নিয়ে আজ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এতে লকডাউন তুলে নেয়ার পরবর্তী শিডিউল কি হবে সে সম্পর্কে ঘোষণা দেবেন। আগামী সপ্তাহ থেকে দোকানপাট, জিম এবং সেলুন খোলা রাখার অনুমতি দেয়া হবে। সীমিত আকারে আউটডোর সার্ভিস দেয়ার জন্য পাব, রেস্তোরাঁ এবং ক্যাফে খোলা রাখার অনুমতি দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। কিন্তু জনসনের মন্ত্রীরা আতঙ্ক প্রকাশ করেছেন এই বলে যে, অর্থনীতিকে মুক্ত করতে গিয়ে এমন সিদ্ধান্ত নিলে তাতে করোনা সংক্রমণ আবার বাড়তে পারে। তা সত্ত্বেও ইংল্যান্ডের প্রতিজন ব্যক্তিকে সপ্তাহে দু’বার বিনামূল্যে করোনা পরীক্ষা করার আহ্বান জানানো হবে আজ।