আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর রাকিব হোসেন

নেপালে অনুষ্ঠেয় তিন জাতি টুর্নামেন্টে খেলতে কাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এর আগে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ অনুশীলন করেছে ফুটবলাররা। প্রায় দেড় ঘণ্টার অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে তাঁদের। কিন্তু অনুশীলনে ছিলেন না গুরুত্বপূর্ণ ফুটবলার রাকিব হোসেন। তখন থেকেই প্রশ্ন, রাকিব কোথায়?

বিকেলে জানা গেল রাকিবের অনুশীলনে না থাকার কারণ। করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই উইঙ্গার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘রাকিব করোনায় আক্রান্ত। কাল সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হলে তাঁর করোনা শনাক্ত হয়। তবে তাঁর মধ্যে কোনো লক্ষণ নেই। তাই আজ আবার করোনা পরীক্ষা করানো হয়েছে তাঁর। রাতে ফলাফল জানা যাবে।’