আক্রান্ত হলিউড তারকা

৫৯ বছর বয়সী হলিউড তারকা শন পেন করোনায় আক্রান্ত। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার মালিবুতে আছেন। সামান্য সর্দি ছাড়া তেমন কোনো লক্ষণ প্রকাশ পায়নি। নিজের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘কোর’–এ (কমিউনিটি অর্গানাইজড রিলিফ এফোর্ট) এমনিতেই নিয়মমাফিক একটা পরীক্ষা করান। সেই পরীক্ষার ফল কোভিড-১৯ পজিটিভ। করোনা বিশ্বকে ছেয়ে ফেলার পর থেকে আক্রান্ত ব্যক্তিদের নানা রকম সহযোগিতা দিয়ে আসছিল এই প্রতিষ্ঠান। ডেইলি মেইলসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম শন পেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সপ্তাহখানেক আগে শন পেনের নাক দিয়ে পানি ঝরছিল। কেউ একজন তাঁকে ঠাট্টা করে করোনা পরীক্ষার পরামর্শ দেন। শনও কী ভেবে যেন পরীক্ষা করান। তবে তিনি ভাবেননি যে তাঁর করোনা হয়েছে। তাঁর যে করোনা হয়নি, পরীক্ষা করে ওই ব্যক্তিতে জানাতে চেয়েছিলেন। তবে তাঁকে যাঁরা পরীক্ষা করেন, তাঁরা সবাই পিপিই, মাস্ক, গ্লাভস পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই পরীক্ষা করিয়েছেন।