আর মাত্র কয়ে ঘণ্টা বাকি। কাল সকালেই জেনে যাবেন অস্কারের ঝলমলে মঞ্চে কারা হাসলেন শেষ হাসি। চলচ্চিত্রের ক্ষেত্রে ২০১৯ সালের সবচেয়ে বড় দুটি নাম ‘প্যারাসাইট’ আর ‘১৯১৭’। এই বেলা দেখে নেওয়া যাক সেই নামগুলো—১২৮ জন চলচ্চিত্র সমালোচকের ভোটে শেষ হাসি হাসার সম্ভাবনা যাঁদের সবচেয়ে বেশি ছিল।
সেরা সিনেমা বিভাগে ‘প্যারাসাইট’ পেয়েছে শতকরা ৬৪ ভাগ ভোট। এরপরেই ১৯ ভাগ ও ১৫ ভাগ ভোট নিয়ে দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ ও ‘দ্য আইরিশম্যান’। ‘ম্যারেজ স্টোরি’ ও ‘লিটল উইমেন’ পেয়েছে ৮ ভাগ ভোট। তবে ‘১৯১৭’, ‘জো জো র্যাবিট’, ‘জোকার’ বা ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ অস্কার পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বেশির ভাগ সমালোচক (৭৬%) চান ‘প্যারাসাইট’–এর পরিচালক বং জুন হোর হাতে উঠুক সেরা পরিচালকের অস্কার। জরিপের ১২৮ জন চলচ্চিত্র সমালোচকের কেউই ভোট দেননি ‘জোকার’ ছবির নির্মাতা টড ফিলিপসকে। তবে তিনিও পেতে পারেন সেরা পরিচালক পুরস্কারের স্বাদ। মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), স্যাম মেন্ডেসের (১৯১৭) হাতে সোনার সেই ট্রফি দেখতে চান ১৯, ১৮ ও ১৫ ভাগ চলচ্চিত্র সমালোচক। ‘পেইন অ্যান্ড গ্লোরি’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে ৫৪ ভাগ ভোট পেয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস। ‘ম্যারেজ স্টোরি’তে অভিনয় করা অ্যাডাম ড্রাইভারকে চান ৩৫ ভাগ চলচ্চিত্রবোদ্ধা। তবে ২৬ ভাগ ভোট পাওয়া জোয়াকিন ফিনিক্সও বাজিমাত করে দিতে পারেন। আর লিওনার্দো ডি–ক্যাপ্রিও পেয়েছেন মাত্র ১০ ভাগ ভোট।






